
নতুন ভারতে সংবিধানকে ধ্বংস করে দেওয়া হবে। সম্ভলের পথে বাধা পেয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
অন্যদিকে, রাহুল গান্ধীদের এই সফরকে ছবি তোলার রাজনীতি ও নিছক লোক দেখানো বলে কটাক্ষ করেছে ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টি। বুধবার দিল্লির গাজিপুর সীমানায় লোকসভার রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সম্ভল-যাত্রা আটকে দিয়েছে পুলিশ। সেই নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায়। গাড়ির উপর উঠে, সংবিধান হাতে প্রতিবাদ জানিয়েছেন রাহুল গান্ধী। এরপরে কংগ্রেস নেতা বলেছেন, তাঁরা সম্ভলে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ তাদের অনুমতি দিচ্ছে না। সংসদের বিরোধী দলনেতা হিসেবে এটা তাঁর দায়িত্ব। কিন্তু পুলিশ তাঁকে বারণ করছে। তিনি সেখানে একা যেতেও রাজি। পুলিশ তাঁর সঙ্গে যাক সেখানে। তবে পুলিশ সেই কথাও শুনছে না। পুলিশ বলছে, কয়েকদিন পরে এলে সেখানে যেতে দেবেন। তবে বিরোধী দলনেতা হিসেবে তাঁর অধিকার এতে খর্ব হচ্ছে।তাঁর সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। তাঁরা শুধু সম্ভলে গিয়ে দেখতে চান সেখানে কী হচ্ছে। কিন্তু এটাই নতুন ভারত। এই ভারতে সংবিধানকে শেষ করে দেওয়া হবে। কিন্তু কংগ্রেস লড়াই জারি রাখবে।এদিকে সমাজবাদী পার্টির সাংসদ রামগোপাল যাদব বলেছেন, বারবার আবেদন করা সত্ত্বেও কংগ্রেস দল সংসদে সম্ভলের ঘটনা নিয়ে কোনও আলোচনার দাবি জানায়নি।
এরপর রাহুল গান্ধী সম্ভলের উদ্দেশে রওনা দিয়েছেন। একে আর কী বলা যায়, তিনি ছবি তোলার রাজনীতি করছেন ও নিছক লোক দেখানোর জন্য সেখানে যাচ্ছেন।









