
সম্প্রতি এক টিনএজার আত্মহত্যার ঘটনার পর কম বয়সী ইউজারদের জন্য এআই ব্যবহারে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর পরিকল্পনা ঘোষণা করছে চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। এ নতুন ব্যবস্থায় কোম্পানিটি তাদের টিনএজার ইউজারদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এদের চ্যাটজিপিটি ব্যবহারে কিছু নিয়ন্ত্রণ আনবে।
এক ব্লগ পোস্টে ওপেনএআই বলেছে, এ নতুন ব্যবস্থায় বয়স অনুসারে নীতি থাকবে, যার মধ্যে গ্রাফিক যৌনতাপূর্ণ কনটেন্ট বা, অশ্লীল ও আপত্তিকর কনটেন্ট ব্লক করবে কোম্পানিটি। চরম বিপদের সময় এ সিস্টেমের এমন সক্ষমতাও থাকবে,যেখানে কোম্পানিটি প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ইউজারের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে।
আবার যেসব ক্ষেত্রে চ্যাটজিপিটি ইউজারের বয়স নির্ভরযোগ্যভাবে অনুমান করতে পারবে না সেসব ইউজারদেরও এ নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যেই রাখবে ওপেনএআই।তবে প্রাপ্তবয়স্ক বা ১৮+ ইউজারদের জন্য বয়স যাচাইয়ের সুযোগ দেবে কোম্পানিটি, যাতে চ্যাটজিপিটির পূর্ণ সুবিধা ব্যবহার করতে পারেন তারা।তবে, এ নতুন ব্যবস্থা কবে চালু হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি তারা।





