বিতর্কিত মিস ইউনিভার্স

0
65
ছবি সৌজন্যে : এক্স

২১ নভেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এতে সারা বিশ্ব থেকে মোট ১২২ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

তবে চূড়ান্ত পর্বের ঠিক আগে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা। জানা গেছে ফাইনালের পূর্বে একটি প্রাক-প্রতিযোগিতা ইভেন্টে মিস ইউনিভার্স মেক্সিকো ফাতিমা বস্ক এবং মিস ইউনিভার্স থাইল্যান্ডের ডিরেক্টর নাওয়াত ইটসারাগ্রিসিলের তুমুল বচসা হয়। স্বাগতিক দেশ থাইল্যান্ডের প্রচারমূলক কনটেন্ট পোস্ট করতে বস্কের অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করেই এই মতানৈক্য। পরিস্থিতি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে বস্ক অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। তাকে অনুসরণ করে ডেনমার্কের ভিক্টোরিয়া থিলভিগসহ অন্যান্য প্রতিযোগীরাও ওয়াক-আউট করেন। জবাবে ইটসারাগ্রিসিল হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ প্রতিযোগিতায় থাকতে চায়, তবে বসে পড়ুক।যারা বস্ককে সমর্থন করবে, তাদের বাদ দেওয়ার হুমকিও দেন তিনি। এই ঘটনা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। থাইল্যান্ডের ডিরেক্টরের এমন আচরণ স্বাগতিক দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলে অনেকেই অভিযোগ তোলেন।

উল্লেখ্য, এর আগে তার মালিকানাধীন অন্য একটি প্রতিযোগিতা মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনালের ২০২৪ সালের বিজয়ী ভারতের রাচেল গুপ্তা বিষাক্ত পরিবেশের কারণ দেখিয়ে খেতাব ত্যাগ করেছিলেন। বিতর্কের মুখে মিস ইউনিভার্স অর্গানাইজেশনের প্রেসিডেন্ট রাউল রোচা ইন্সটাগ্রামে ভিডিও বার্তা দিয়ে ইটসারাগ্রিসিলের আচরণের তীব্র নিন্দা করেছেন।