
রণবীর কাপুরের রাম অবতার নিয়ে গোড়া থেকেই চর্চা অন্তহীন। রঘুনন্দনের বেশে কাপুরনন্দনকে দেখে এযাবৎকাল ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে! কেউ অভিনেতাকে রামের ভূমিকায় দেখে আপত্তি তুলেছিলেন,তো কারও কাছে বা আবার বেমানান ঠেকেছে রণবীরের লুক।
যদিও রামের চরিত্র আত্মস্থ করতে কোনওরকম কসরত বাকি রাখেননি রণবীর কাপুর,তবে ঘোষণার পর থেকেই তাঁর অভিনীত রামায়ণ-এর ভবিষ্যৎ নিয়ে সন্দেহপ্রকাশ করেছে সিনেদুনিয়ার একাংশ। ঝলক মুক্তির পরও তার ব্যতিক্রম হয়নি। এবার রণবীর কাপুরের রামায়ণ নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ইমতিয়াজ আলি। রণবীর এইমুহূর্তে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা। একের পর এক মেগাবাজেট প্রজেক্ট তাঁর হাতে। এহেন ব্লকবাস্টার নায়কের ওপর রামায়ণ-এর দায়িত্ব সঁপে কি ভুল করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি ? এহেন প্রশ্ন যখন ফিল্মি দুনিয়ায়, তখন রণবীর কাপুরের রাম অবতার নিয়ে বড় কথা বলেছেন ইমতিয়াজ আলি। রণবীরের সঙ্গে তামাশা, রকস্টার-এর মতো হিট সিনেমায় কাজ করেছেন পরিচালক। অতঃপর অভিনেতার নাড়িস্পন্দন তাঁর ভালোই জানা। সেই প্রেক্ষিতেই ইমতিয়াজ জানিয়েছেন, কেন রামায়ণ ছবিতে কাজ করা রণবীর কাপুরের কেরিয়ার গ্রাফের জন্য লাভজনক হবে? ইমতিয়াজ আলির মন্তব্য, একজন অভিনেতা হিসেবে রণবীর যে কোনও চরিত্রে অভিনয় করতে পারেন। বরং ওঁর আরও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করা উচিত। কারণ রণবীর ভার্সেটাইল অভিনেতা হিসেবে যখন যে চরিত্রে অভিনয় করেন, তখন তারমধ্যে ঢুকে যান।খাঁটি অভিনেতা বলতে যা বোঝায় রণবীর সেরকমই। আশা করেন ভবিষ্যতেও রণবীর সবধরণের চরিত্রে অভিনয় করবেন। এবং রণবীর ভগবান রামের চরিত্রে অভিনয় করায় খুব খুশি। কারণ রামের ভূমিকায় বাস্তবতা ফুটিয়ে তুলতে পারে একমাত্র ও-ই।
ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে রামের চরিত্রকে মানবিকভাবে তুলে ধরতে ওঁর এই প্রয়াস বেশ চমৎকার। এখানেই অবশ্য থামেননি ইমতিয়াজ, রামের চরিত্রে অভিনয় যে মানুষ হিসেবেও রণবীরকে আরও সমৃদ্ধ করে তুলবে, সে বিষয়েও নিশ্চিত পরিচালক ইমতিয়াজ আলি।








