
পুলিশের মারে মহিলার মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কোচবিহারের হরিণচওড়া এলাকায়। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা।
জানা গিয়েছে হরিণচওড়া এলাকার বাসিন্দা আমজাদ আলির সঙ্গে কোনও বিষয়ে পুলিশের গাড়িচালকের বচসা বাধে। অভিযোগ এরপরেই শুক্রবার রাতে কোতয়ালি থানার পুলিশ আমজাদ আলির বাড়িতে চড়াও হয়। পরিবারের তিন সদস্য আমজাদ আলি, তাঁর ভাই আমজাদ আলি এবং তাঁর বাবা হাফেজ আলিকে আটক করে নিয়ে যায়। পাশাপাশি বাড়ির মহিলাদের বেধড়ক মারধর করে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ পুলিশের মারেই মৃত্যু হয় বছর ৫৫-র আমিনা বিবির। খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে রাত থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে হরিণ চওড়ায়।
যদিও এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম পুলিশের মারধরের মৃত্যুর বিষয়টি উড়িয়ে দিয়েছেন। মহিলার শরীরে মারধরের কোনও চিহ্ন নেই দাবি করেছেন তিনি। জাভেদ শামিম আরও জানিয়েছেন অভিযোগ ওঠায় ময়নাতদন্তের ভিডিগ্রাফি করা হবে।









