
দুর্নীতির অভিযোগ উঠেছিল স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজের স্ত্রীর বিরুদ্ধে। এ বার সেই মামলায় বিচার শুরু হবে।
এমনটাই নির্দেশ দিয়েছে স্পেনের আদালত। বিচারক জুয়ান কার্লোস পেইনাডোর আশঙ্কা, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন স্যাঞ্চেজের স্ত্রী বেগোনা গোমেজ। তাই তাঁকে জমা রাখতে হবে পাসপোর্ট। প্রতি দু’সপ্তাহ অন্তর হাজিরা দিতে হবে আদালতে। কবে থেকে বিচার শুরু হবে, তা এখনও জানায়নি আদালত। আদালতের এই রায়ের পরেই বিরোধীরা স্যাঞ্চেজ সরকারের ইস্তফা দাবি করেছে। প্রভাব খাটিয়ে নির্দিষ্ট কিছু প্রযুক্তি সংস্থাকে সরকারি চুক্তি পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বেগোনার বিরুদ্ধে। বিচারকের মতে, টাকা নয়ছয়ের অভিযোগগুলির প্রাথমিক ভিত্তি রয়েছে এবং সেগুলি বিচারপর্বে খতিয়ে দেখা হবে।
বেগোনা নিজে যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, সেখানে একটি সফটওয়্যার অবৈধ ভাবে ব্যবহার করেছেন বলে অভিযোগ। বেগোনা এই অভিযোগ অস্বীকার করেছেন।
