
আর জি কর মেডিক্যাল কলেজে দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট দিয়েছে সিবিআই। ১২৫ পাতার কাছাকাছি চার্জশিটে ৫ অভিযুক্ত-র নাম রয়েছে। আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাঁর প্রাক্তন নিরাপত্তারক্ষী আফসার আলি,চিকিৎসক ছাত্র নেতা আশিস পাণ্ডে এবং মেডিক্যাল সরঞ্জাম সরবরাহকারী দুই ভেন্ডর বিপ্লব সিং, এবং সুমন হাজরার নাম রয়েছে।
ষড়যন্ত্র, প্রতারণা এবং দুর্নীতির অভিযোগে যাবতীয তথ্য রয়েছে চার্জশিটে। এমনটাই খবর। ৮৭ দিনের মাথায় শুক্রবার নিজাম প্যালেস থেকে সিবিআই আধিকারিকরা লাল কাপড়ে মোড়া ১২৫ পাতার চার্জশিট এবং তার সঙ্গে দেড় হাজার পাতার নথি আলিপুর আদালতে জমা দিয়েছেন। ১১০ জনকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে। তাদের বয়ানও নথিভুক্ত করা হয়েছে। কিভাবে টেন্ডার দুর্নীতি করে সরকারি টাকা নয়ছয় করা হয়েছে, প্রাইভেট অ্যাকাউন্টে টাকা জমা পড়েছে এবং দুই ভেন্ডর তাদের কি ভূমিকা ছিল তার বিস্তারিত রয়েছে চার্জশিটে।
৯ অগাস্ট আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার সূত্র ধরেই হাসপাতালের দুর্নীতির বিষয়টি সামনে আসে। আদালতের নির্দেশে ধর্ষণ ও খুনের মামলার পাশাপাশি দুর্নীতির তদন্তও হাতে পায় সিবিআই।
