দুর্নীতি : মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী দোষী সাব্যস্ত

0
108
ছবি সৌজন্যে : এক্স

রাষ্ট্রীয় তহবিল কেলেঙ্কারির মামলায় মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ক্ষমতার অপব্যবহার ও অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত।

এটি বহু বিলিয়ন ডলারের আলোচিত ১ মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদ,১এমডিবি, কেলেঙ্কারি সংক্রান্ত তার দ্বিতীয় বড় রায়।মালয়েশিয়ার পুত্রাজায়াতে দেওয়া রায়ে আদালত নাজিব রাজাককে চারটি ক্ষমতার অপব্যবহার এবং ২১টি অর্থপাচারের অভিযোগে দোষী ঘোষণা করেছে। তবে এ মামলায় তার শাস্তি এখনো ঘোষণা করা হয়নি।৭২ বছর বয়সী নাজিব রাজাকের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রাষ্ট্রীয় সার্বভৌম তহবিল ১এমডিবি থেকে প্রায় ২৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত অর্থাৎ প্রায় ৫৬৯ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাৎ করেছেন। এই অর্থ ২০১৩ সালে তার ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হয়েছিল বলে মামলায় উঠে আসে। এর আগে ১এমডিবি সংশ্লিষ্ট আরেক মামলায় দোষী সাব্যস্ত হয়ে নাজিব রাজাক ২০২২ সাল থেকে কারাগারে রয়েছেন। ওই মামলায় তাকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হলেও গত বছর তার সাজা অর্ধেকে কমানো হয়। চলতি সপ্তাহে আদালত তার গৃহবন্দি হয়ে সাজা ভোগের আবেদনও খারিজ করে দেয়।এদিকে এই রায় আসতে সময় লেগেছে প্রায় সাত বছর। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় আদালতে ৭৬ জন সাক্ষী সাক্ষ্য দেন।

রায়ের দিন আদালতের বাইরে নাজিবের সমর্থনে বেশ কিছু মানুষ জড়ো হন। তার সমর্থকদের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। উল্লেখ্য, বিশ্বজুড়ে আলোচিত ১এমডিবি কেলেঙ্কারিতে তদন্তকারীরা ধারণা করেন,রাষ্ট্রীয় তহবিল থেকে প্রায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলার বিভিন্ন ব্যক্তিগত হিসাবে পাচার করা হয়েছে, যার একটি অংশ নাজিব রাজাকের হিসাবেও গেছে।