
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের কনভয়ে এবার পাল্টা হামলা চালানোর অভিযোগ উঠেছে রাজ ঠাকরের নবনির্মাণ সেনার সমর্থকদের বিরুদ্ধে। উদ্ধব ঠাকরের কনভয়ে গোবর, নারকেল এবং টম্যাটো ছুঁড়ে মারার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঠাণের কাছে উদ্ধব ঠাকরের কনভয়ে আচমকাই হামলা চালানোর অভিযোগ উঠেছে উদ্ধব সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ভিডিওতে দেখা গিয়েছে , রাস্তার ধারে আগে থেকেই কয়েকজন নারকেল, টম্যাটো এবং গোবর নিয়ে দাঁড়িয়ে ছিলেন। উদ্ধবের কনভয় ওই রাস্তা ধরে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে গোবর, টম্যাটো এবং নারকেল ছুঁড়ে মারার অভিযোগ উঠেছে। সিসিটিভি খতিয়ে দেখে পুলিশ ২০ জনকে আটক করেছে। ঠাণের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। এই হামলার তীব্র নিন্দা করেছে উদ্ধব ঠাকরের দল। কিন্তু কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজ ঠাকরের পক্ষ থেকে। এই আক্রমণের আগে মধ্য মহারাষ্ট্রের এক জায়গা থেকে দলীয কাজ সেরে ফেরার সময রাজ ঠাকরের গাড়িতে আক্রমণ করার অভিযোগ উঠেছিল উদ্ধব ঠাকরের সমর্থকদের বিরুদ্ধে। সেই হামলার পাল্টা জবাব দিয়েছে রাজ ঠাকরের সমর্থকরা।
