
মাত্র ১০০ টাকার জন্য ইট দিয়ে মাথা থেঁতলে এক যুবককে খুনের অভিযোগ উঠেছিল প্রেমিক-প্রেমিকার বিরুদ্ধে। খুনের ৬ বছর পরে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত যুগলের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেছে।
আদালত সূত্রে খবর, ২০১৯ সালের ৭ জুন মগরার কাঁটাপুকুর এলাকায় একটি দোকানের সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন মহম্মদ আনোয়ার। এলাকায় টহলের সময় পুলিশ তাঁকে উদ্ধার করে। কিন্তু মগরা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে যুবকের। মৃতের মামা রঞ্জিত সাউ পরের দিন খুনের অভিযোগ করেন থানায়। তিনি অভিযুক্ত হিসাবে নাম নেন জনৈক কৃষ্ণা বাউল দাস এবং লক্ষ্মী রায়ের। সেই সূত্র ধরে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
মামলা ওঠে আদালতে। মঙ্গলবার চুঁচুড়া আদালতের অতিরিক্ত জেলা দায়রা বিচারক সঞ্জয়কুমার শর্মা অভিযুক্তদের সাজা ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় যুবককে। পাশাপাশি মৃতের মাকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।







