
ভ্যালেন্টাইনস ডে-র দুপুরে নয়ডায় গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে যুগলের গুলিবিদ্ধ দেহ। প্রাথমিক ভাবে পুলিশের সন্দেহ, তরুণীকে গুলি করে খুনের পরে আত্মঘাতী হয়েছেন তরুণ।
নিহত সুমিত এবং রেখা। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে নয়ডায় সেক্টর ১০৭-এ দাদরি রোডের ধারে একটি গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিল। গাড়িটি দীর্ঘক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীদের।
তাঁরাই খবর দেন থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভিতর থেকে যুগলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে। গাড়িটি ভিতর থেকে বন্ধ অবস্থায় ছিল। পুলিশকর্মীরা সেই বন্ধ দরজা খোলানোর পরে দেখেন, দু’জনেরই মাথায় গুলি লেগেছে। সুমিতের হাতে একটি পিস্তলও ছিল। কী ভাবে দু’জনের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
