
জামিনে মুক্তি পেয়েই বিধানসভায় অধিবেশনে যোগ দিতে চেয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। অধিবেশন কবে বসবে, কোথায় তাঁর আসন নির্ধারিত হবে।
চিঠিতে সবটাই জানতে চেয়েছেন তিনি। যদিও পার্থ চট্টোপাধ্যায়ের চিঠিকে আলাদা করে গুরুত্ব দিতে নারাজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সরাসরি বলেছেন সব বিধায়করা যখন জানবেন, তাঁকেও তখন জানানো হবে। এরইমধ্যে জামিন পেয়েও পার্থ চট্টোপাধ্যায় আদালতে হাজিরা না দেওয়ায় ক্ষুব্ধ বিচারক জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। তবে পার্থ চট্টোপাধ্যায় আদালতে না গেলেও বুধবার ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিয়েছেন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাগাল পেতে আদালতে আবেদন জানিয়েছেন। ২ সপ্তাহ পর তা নিয়েই শুনানি হবে। নিয়োগ দুর্নীতির ইডির মামলায় ব্যাঙ্কশাল কোর্টে শুনানি ছিল বুধবার। কিন্তু শুনানিতে যোগ দেন নি পার্থ চট্টোপাধ্যায়। তাতেই রুষ্ট বিচারক শুভেন্দু সাহা জামিন বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর স্পষ্ট বার্তা পচা শামুকে যেন পা না কাটে। এদিকে অর্পিতার দাবি ছিল ইডি তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিল। সেগুলো খোলার আবেদন করেছেন অর্পিতা মুখোপাধ্যায়।
তাঁর আইনজীবী জানিয়েছেন যে অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে সেগুলোর সঙ্গে তদন্তের কোনও সম্পর্ক নেই। তবে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কোনও মন্তব্য করেননি অর্পিতা মুখোপাধ্যায়।



