
দিল্লি, মুম্বই, কেরলের পর পশ্চিমবঙ্গেও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। এবার কোভিড সংক্রমণের খবর মিলেছে খড়্গপুর আইআইটি-তে।
অন্যদিকে, পুরুলিয়ার সরকারি মেডিক্যাল কলেজের অধ্যাপক দম্পতিও সংক্রমিত হয়েছে বলে খবর। খড়্গপুর আইআইটি-তে এক পড়ুয়ার করোনা আক্রান্ত খবর পাওয়া গিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই পড়ুয়াকে ভর্তি করা হয়েছে আইআইটি খড়্গপুরের বিসি রায় হাসপাতালে। জানা গিয়েছে, জ্বর, সর্দি-কাশি, গন্ধ না পাওয়া সহ একাধিক উপসর্গ ছিল ওই পড়ুয়ার। এরপরই কোভিড টেস্ট করা হয়। জেলার মুখ্য স্বাস্থ্য অধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেছেন, জেলা প্রশাসনের নির্দেশে জেলা স্বাস্থ্য দফতরের তরফে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই সঙ্গে সাধারণ মানুষকেও মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে, দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। এদিকে করোনায় আক্রান্ত হয়েছেন পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক দম্পত্তি। পুরুলিয়া গভর্নমেন্ট মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে নিজের আবাসনেই আইসোলেশনে রয়েছেন ওই দম্পত্তি। জানা গিয়েছে, সম্প্রতি ওই দম্পতি দক্ষিণ ভারতের বেঙ্গালুরু গিয়েছিলেন।
সেখান থেকে ফিরেই তাঁদের জ্বর আসে, গা-হাত-পা ব্যাথা শুরু হয়। তারপর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার পর প্রাথমিকভাবে কোভিড সংক্রমণ ধরা পরে।
