
গোলপার্কের ঘটনায় কাউকে ছাড়া হবে না। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই কড়া বার্তা দিয়েছেন কলকাতার সিপি সুপ্রতিম সরকার।
তিনি বলেছেন, ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। সারারাত ধরে তল্লাশি হয়েছে, এখনও পেট্রলিং চলছে। জানা যায়, রবিবারের এই ঘটনায় দক্ষিণ কলকাতার দুষ্কৃতী সোনা পাপ্পুর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, রবিবার তাঁদের পিকনিক ছিল। পিকনিক সেরে তাঁরা এলাকায় ফেরেন। রাত সাড়ে আটটার কিছু পরে অন্য এলাকার বেশ কিছু যুবককে তাঁদের এলাকায় আসতে দেখেন। এরপরেই রাতারাতি বদলে যায় এলাকার পরিস্থিতি! শুরু হয় তাণ্ডব। ভয়ে এলাকার মহিলারা তড়িঘড়ি বাড়ির ভিতরে চলে যান। কিছু স্থানীয় বাসিন্দা দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। বোমার পাশাপাশি কাচের বোতল, ইটও ছোড়া হয়। স্থানীয় কিছু মানুষের বাড়িতে ঢুকেও হামলা চালায় বলে অভিযোগ। ঘটনাস্থলে পৌঁছেছে রবীন্দ্র সরোবর থানার পুলিশ।
সূত্রের খবর, একজনকে চপার দিয়ে কোপানোও হয়। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, গুরুতর আহত হয়েছেন দু’জন, নাম সনৎ সিং এবং গণেশ দাস।
