
কসবাকাণ্ডে রাজ্য তোলপাড় হতেই শুক্রবার সন্ধেয় প্রথমে কলেজ এবং পরে থানায় গিয়ে তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা বলেছেন সিপি মনোজ ভর্মা। খোঁজ নিয়েছেন তদন্তের গতিপ্রকৃতি নিয়ে। প্রথমে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনাস্থল সরেজমিনে খতিয়ে দেখেন।
এরপর কসবা থানায় যান কলকাতার পুলিশ কমিশনার। এর আগে কলেজ ক্যাম্পাসে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক দল। ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি সন্তোষ পাণ্ডে এবং দক্ষিণ শহরতলি ডিসি বিদিশা কলিতাও। কলকাতা পুলিশের অতিরিক্ত সিপি সন্তোষ পাণ্ডে জানিয়েছেন ডিসি পুরোটাই জানাবেন, গার্ডরুম, ইউনিয়ন রুম সব খতিয়ে দেখা হয়েছে। ফরেন্সিক টিম নমুনা সংগ্রহ করেছে। ২৫ জুন বুধবার সন্ধে সাড়ে ৭টা থেকে ১০টা ৫০ মিনিটের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটে। কসবা থানায় অভিযোগ দায়ের হতেই বৃহস্পতিবার সন্ধেয় তালবাগান ক্রসিংয়ের সামনে থেকে দুই অভিযুক্ত প্রমিত, জেব-কে ধরে পুলিশ।
এরপর তাঁদের জেরা করে রাত ১২টার দিকে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এদিকে প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ গ্রেফতার হতেই তৃণমূলের একের পর এক শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ছবি পোস্ট করে আক্রমণ করেছেন বিজেপি নেতৃত্ব।





