
দ্বিতীয়বার সিপিএমের রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন মহম্মদ সেলিম। অন্যদিকে রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ। সেই তালিকায় রয়েছেন বিকাশ ভট্টাচার্য, জীবেশ সরকার, অমিয় পাত্ররা। অন্যদিকে ২০২২ থেকে রাজ্য সম্পাদকের দায়িত্ব সামলানো মহম্মদ সেলিমই ফের ওই পদেই থাকছেন। ২৭ তম রাজ্য সম্মেলনে ৮০ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে।
এরমধ্যে ১৪ জন মহিলা রয়েছে। নতুন মুখ ১১ জন। উত্তরবঙ্গের পরিচিত মুখ জীবেশ সরকারও রাজ্য কমিটি থেকে বাদ পড়েছে। পাশাপাশি রাজ্য কমিটির প্রথম সভা থেকে সর্বসম্মতিক্রমে রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছে মহম্মদ সেলিম। তবে রাজ্য কমিটির বাদ পড়ার তালিকায় রয়েছেন বাঁকুড়ার প্রবীণ নেতা অমিয় পাত্র। বয়সজনিত কারণে বাদ পড়েছেন রাজ্যসভার সাংসদ বিকাশ ভট্টাচার্যও। তিন বছর আগে এই সুশান্ত ঘোষ পশ্চিম মেদিনীপুরের জেলা সম্পাদক ছিলেন। জেলা সম্পাদক হওয়ার পর তাঁকে রাজ্য কমিটির সদস্য করা হয়। কিন্তু একটি মেয়াদের বেশি তিনি রাজ্য কমিটিতে থাকতে পারলেন না।
২৭ বছর আগে কেশপুর লাইনের সময় সুশান্ত ঘোষের উত্থান হয়েছিল সিপিএমে। নব্বইয়ের দশকের শেষে তিনি বাম রাজনীতিতে পরিচিত হয়ে ওঠেন। তার পরবর্তীতে বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভার জায়গা পেয়েছিলেন সুশান্ত ঘোষ। সিপিএম সরকার চলে যাওয়ার পর বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন সুশান্ত ঘোষ। বেশকিছুদিন জেলেও থাকতে হয়েছিল।





