
প্রয়াত হয়েছেন প্রবীণ বামপন্থী নেতা দীপক সরকার। মেদিনীপুর শহরের বিধাননগরে নিজের বাসভবনে সোমবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এক কালের দাপুটে নেতা তথা মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক।
দলের জেলা নেতৃত্ব সূত্রে খবর, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। পরিবার ও দল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলেও ৫ টা থেকে ৬টা পর্যন্ত দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন তিনি। অবিভক্ত মেদিনীপুর জেলায় সিপিএম-র জেলা সম্পাদকের পদ সামলেছিলেন তিনি। ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীতেও। এ ছাড়াও সামলেছেন মেদিনীপুর স্কুল বোর্ডের চেয়ারম্যানের পদ। ট্রেড ইউনিয়ন নেতা হিসাবেও বিশেষ পরিচিতি ছিল তাঁর।
দীর্ঘ ২৩ বছর দায়িত্ব সামলে ২০১৫ সালে জেলা সম্পাদকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। ২০২২ সালে রাজ্য সম্পাদকমণ্ডলী থেকেও পেয়েছিলেন অব্যাহতি।
