
বন্যা বা ভাঙ্গন দুর্গতদের নিয়ে সিপিএম যদি বেশি বিক্ষোভ করে তাহলে সংঘর্ষ বাধবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। জানা গেছে, মালদার মানিকচকের ভূতনি থানা এলাকা জলবন্দি । নতুন করে একের পর এক গ্রামে জল ঢুকছে।
এই পরিস্থিতিতে ত্রাণের সাহায্য না পাওয়ার অভিযোগে তৃণমূলকে চোর সম্বোধন করে বিক্ষোভ দেখিয়েছে বামেরা। এরপরে বন্যা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের তরফে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে বৈঠক করা হয়। সেখানে উপস্থিত ছিলেন, জেলাশাসক,পুলিশ সুপার জেলার একাধিক আমলা সহ রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র সহ একাধিক আধিকারিকরা। বৈঠিকের পরে বামেদের নিশানা করে সাবিত্রী মিত্র জানিয়েছেন, মানিকচক বিধানসভা কেন্দ্রে ভাঙ্গন রুখতে প্রায় ১০০ কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু চোর বলা অভ্যাসে দাঁড়িয়ে গেছে বামেদের। তিনি আরো বলেন, সিপিএম বিক্ষোভ করবে আর কাপড় নিয়ে ঘুরে ঘুরে চাঁদা তুলে বাড়ি নিয়ে যাবে। তৃণমূল বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলের জন্যেই কাজ করা হয়। এরপরেই পাল্টা বামেদের দাবি, ত্রাণের খিচুড়িতে জল মেশানো হয়। পাশাপাশি বন্যায় দুর্দশাগ্রস্ত সিপিএমের কর্মীদের কোনো সহায়তা করা হয়নি। মানিকচক বিধানসভা কেন্দ্রে ভাঙ্গন আটকাতে ব্যবহার করা হয়েছে শুধু বালির বস্তা যার জেরে সহজেই পাড় ভেঙে জলের তোরে ভেসেছে বহু বাড়ি।








