
মালদার হরিশ্চন্দ্রপুরে আবাস যোজনার তালিকায় তৃণমূল নেতার পরিবারের নাম থাকলেও নাম নেই এলাকারই দরিদ্রসীমার নিচে থাকা মানুষজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের মশালদহ অঞ্চলে।
জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের মশালদহ অঞ্চলে সার্ভে করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে টাকার বিনিময় ঘর পাইয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখিয়েছেন আবাসে বঞ্চিতরা। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির শাসকদলের সহ-সভাপতি স্বপন কুমার ঘোষ যিনি ১৫ বছর ধরে শশুর বাড়িতে ঘরজামাই থাকেন। এবার অভিযোগ উঠেছে তিনি নিজের প্রভাব খাটিয়ে নিজের শশুর, ভাইপো, বৌদি ও এমনকি নিজের জামাইয়ের নাম সহ একাধিক আত্মীয়ের নাম আবাস তালিকায় তুলিয়েছেন। এমনকি সেই তালিকাতে তাদের ঘর মঞ্জুরও হয়ে গিয়েছে। অভিযোগ তাদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে। কিন্তু তার নিজের গ্রাম পঞ্চায়েত সুলতান নগর সহ হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের এলাকাতে কাঁচা বাড়ি-সহ যোগ্য উপভোক্তাদের নাম তালিকা তে আসেনি।
যদিও সহ-সভাপতি স্বপন ঘোষ এর দাবি তিনি বিগত তিন মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এলাকায় অনুপস্থিত থাকার কারণে তার অগোচরেই তার আত্মীয়দের নাম তালিকায় এসেছে।








