১২ দিনেই ফাটল লখনউ – কানপুর এক্সপ্রেসওয়েতে

0
17
ছবি সৌজন্যে : এক্স

দিন কয়েক আগেই উদ্বোধন হয়েছিল ঝাঁ চকচকে লখনউ-কানপুর এক্সপ্রেসওয়ে। দু’সপ্তাহ কাটতে না কাটতেই সেই সড়কে ফাটল দেখা দিয়েছে। এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে, সড়ক নির্মাণের মান নিয়েও। উল্লেখ্য,৪ হাজার ২০০ কোটি টাকা খরচ করে তৈরি হয়েছিল লখনউ-কানপুর গ্রিনফ্লিড ন্যাশনাল এলিভেটেড এক্সপ্রেসওয়েটি।

১৩ জুলাই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং কেন্দ্রীয় সড়কমন্ত্রী নিতিন গডকরী এই এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করেন।কিন্তু উদ্বোধনের মাত্র ১২ দিন পরেই রাস্তার এ হেন হাল দেখে হতভম্ব অনেকেই।

এর মধ্যে সমাজবাদী পার্টির নেতা মধুসূদন যাদব ওই এক্সপ্রেসওয়ের ফাটলের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। তিনি দাবি করেছেন, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় এই ফাটল নজরে এসেছে তাঁর। সেই ভিডিয়োয় মধুসূদন দাবি করেছেন, কোরারি গ্রামের কাছে ওই এক্সপ্রেসওয়ের পাঁচ থেকে সাত মিটার অংশ ধসে পড়েছে। রাস্তা তৈরির গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন সমাজবাদী পার্টির নেতা। যদিও এ বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই ফাটলের কারণে যে কোনও সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমনই মনে করছেন সমাজবাদী পার্টির নেতা মধুসূদন যাদব।