
দীপাবলির আগেই ফের ধস শেয়ার বাজারে। ফলে অক্টোবরের শেষ দিনে রীতিমতো হতাশ বিনিয়োগকারীরা।
বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার সূচক নেমে যায় ৪২৬ দশমিক ৮৫ পয়েন্ট। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গিয়েছে ৭৯ হাজার ৯৪২ দশমিক ১৮ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে সেনসেক্স। অন্যদিকে, এদিন ১২৬ পয়েন্টে কমেছে নিফটি। ফলে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক দিন শেষে ২৪ হাজার ৩৪০ দশমিক ৮০ পয়েন্টে নেমে গিয়েছে। বুধবার ২ হাজার ৭৮৭টি স্টকের দর বৃদ্ধি পেয়েছে। দাম কমেছে ৯৭৮টি শেয়ারের। ৭৯টি স্টকের দামে কোনও পরিবর্তন হয়নি। বিএসইতে মাঝারি পুঁজির সংস্থাগুলির খুব একটা উত্থান-পতন দেখা যায়নি। দেড় শতাংশ বেড়েছে ছোট পুঁজির সংস্থাগুলির স্টকের দাম।ক্যাটাগরির নিরিখে দেখতে গেলে ভোগ্যপণ্য, ক্যাপিটাল গুডস্ এবং মিডিয়ার শেয়ার ঊর্ধ্বমুখী হয়েছে। আর এক শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে ব্যাঙ্ক এবং ফার্মা সংস্থাগুলির স্টকে।
এদিন নিফটিতে সর্বাধিক লোকসান হয়েছে সিপলা, শ্রীরাম ফিন্যান্স, এইচডিএফসি লাইফ, ট্রেন্ট এবং এসবিআই লাইফ ইন্স্যুরেন্স। আর ভূত চতুর্দশীতে লাভের মুখ দেখেছে আদানি এন্টারপ্রাইজ, হিরো মোটোকর্প, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ এবং মারুতি সুজুকির স্টক।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক









