
ডাইনোসরদের জন্মের একশোকোটি বছর আগে এবং উদ্ভিদ ও প্রাণীর উৎপত্তিরও অনেক আগে পৃথিবী দেখতে বর্তমানের চেয়েও অনেক বেশি আদিম ও আলাদা ছিল।
কোটি কোটি বছর আগে কানাডার অন্টারিও অঞ্চলটি এখনকার মতো শীতল ছিল না।তখন সেখানে জলবায়ু ছিল প্রচণ্ড উষ্ণ এবং সেই অগভীর লবণাক্ত জলাশয়টি বাষ্পীভূত হয়ে আজকের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালি’র মতো রূপ নিচ্ছিল।ওই সময় জল বাষ্পীভূত হওয়ার ফলে তা পাথুরে লবণের স্ফটিক তৈরি করে।সেইসব স্ফটিকের ভেতরে আটকা পড়ে যায় তরল পদার্থ ও বাতাসের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। লবণের বিভিন্ন স্তর যখন পলির নিচে চাপা পড়ে তখন সেইসব অংশ সেখানে সংরক্ষিত হয়ে যায়। দাবি করা হচ্ছে,দীর্ঘ ১৪০ কোটি বছর ধরে সেইসব অতি ক্ষুদ্র বুদবুদ অস্পৃশ্য অবস্থায় ছিল।এগুলো অত্যন্ত নীরবে পৃথিবীর প্রাচীন বায়ুমণ্ডলের সরাসরি নমুনাকে সংরক্ষিত করে রেখেছে।অবশেষে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই প্রাচীন রহস্য উন্মোচন করতে পেরেছেন বিজ্ঞানীরা।
অধ্যাপক মরগান শ্যালারের সঙ্গে মিলে এই প্রাচীন লবণের স্ফটিকের ভেতরে আটকে থাকা বিভিন্ন গ্যাস বিশ্লেষণ করেছেন রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট-এর স্নাতক শিক্ষার্থী জাস্টিন পার্কের নেতৃত্বে গবেষকদের একটি দল।পৃথিবীর বায়ুমণ্ডলের সরাসরি রেকর্ডকে প্রায় ১৪০ কোটি বছর আগের অতীতে নিয়ে গিয়েছে তাদের এ কাজ। এর আগে বাতাসের সরাসরি নমুনার ওপর ভিত্তি করে এমন গবেষণা করা সম্ভব হয়নি।





