
নিয়মিতদের প্রায় সবাইকে নিয়েই উয়েফা নেশন্স লিগের শেষ চারের দল সাজিয়েছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। ক্রিস্তিয়ানো রোনালদোর ফিটনেস নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, ঠিকই দলে আছেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড স্কোরার।
মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় আগামী ৪ জুন প্রতিযোগিতাটির সেমি-ফাইনালে জার্মানির মুখোমুখি হবে পর্তুগাল। একই মাঠে ফাইনাল ৮ জুন।আসরের শেষ অংশের জন্য ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন মার্তিনেস। পর্তুগালের বয়সভিত্তিক দলে ও ক্লাবে আলো ছড়িয়ে প্রথমবারের মতো জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ উইঙ্গার রদ্রিগো মোরা।এই মাসের শুরুতে ১৮ বছরে পা দেওয়া মোরা ৯ বছর বয়সে যোগ দেন পোর্তোর একাডেমিতে। ক্লাবটিতে বি’ দল হয়ে এই সিজনেই জায়গা করে নেন মূল দলে।অভিষেক সিজনে পর্তুগিজ লিগে ২৩ ম্যাচে ১০ গোল করার পাশাপাশি চারটি অ্যাসিস্ট করেন তিনি।গত বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৭ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি পাঁচ গোল করে।
ফাইনালে ইতালির কাছে হেরে যায় পর্তুগাল।দারুণ প্রতিভাবান এই ফুটবলারকে দলে নিয়ে উচ্ছ্বসিত পর্তুগালের স্প্যানিশ কোচ মার্তিনেস।
আক্রমণভাগে ৪০ বছর বয়সী রোনালদো, গন্সালো রামোস, দিয়োগো জটা, পেদ্রো নেতোদের সঙ্গে থাকছেন মোরা।অন্যদিকে,ক্লাব আল নাস্রের হয়ে শেষ তিন ম্যাচে খেলেননি রোনালদো। তার ফিটনেস নিয়ে তাই শোনা যাচ্ছিল গুঞ্জন। গুজব উড়িয়ে মার্তিনেস বললেন, জার্মানির বিপক্ষে খেলার জন্য প্রস্তুত অধিনায়ক।






