
প্রীতি ম্যাচে আবারও প্রমাণ করলেন তিনি এখনো গোল মেশিন।পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত হ্যাটট্রিকে রিও আভেকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর।
পর্তুগালের এস্টাদিও দো আলগারভে অনুষ্ঠিত ম্যাচের ১৫ মিনিটে গোল করেন মোহামেদ সিমাকান।এরপরই মঞ্চে আসেন রোনালদো।বিরতির আগে জোয়াও ফেলিক্সের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে ঢুকে ঝড়ো শটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। ৬৩ মিনিটে নেলসন অ্যাবির হাতে বল লাগলে পেনাল্টি পায় আল নাসর। রোনালদো সুযোগটি সতীর্থ সাদিও মানেকে দিলেও তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক চেজারি মিজটা। তবে মাত্র ১৬ সেকেন্ড পরই হেড করে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো।পাঁচ মিনিট পর আবারও অ্যাবি বক্সের ভেতর ফাউল করেন ফেলিক্সকে।এবার নিজেই পেনাল্টি স্পট থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন ৪০ বছর বয়সী তারকা।এর আগে দিনের শুরুতে রোনালদো ঘোষণা করেন, আল নাসরের সঙ্গে নতুন চুক্তি ২০২৭ সাল পর্যন্ত তাকে সৌদি ক্লাবেই রাখবে।
সোশ্যাল মিডিয়ায় ফ্যানদের উদ্দেশে তিনি লিখেছেন, নতুন অধ্যায় শুরু হলো।২০২২ সালের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন রোনালদো।
