
এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-এর ড্রতে আল নাসরকে নিজেদের গ্রুপে পেয়ে ভারতের ক্লাব এফসি গোয়া ম্যাচটিকে ঐতিহাসিক বলে ঘোষণা করেছিল। আর সেই ম্যাচ খেলতে সোমবার রাতেই ভারতে চলে এসেছে গোটা দল। তবে সেই দলে নেই ক্রিস্তিয়ানো রোনালদো।
ঐতিহাসিক ম্যাচটিতে খেলবেন না পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। তবে ভারতে এসেছেন লিভারপুলের প্রাক্তন তারকা সাদিও মানে,পর্তুগালের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, স্পেনের ডিফেন্ডার ইনিগো মার্তিনেস, ফরাসি উইঙ্গার কিংসলে কোমেন। আগেই জানা গিয়েছিল, গোয়া ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়া হতে পারে। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। এর আগে গোয়া ক্লাবের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ জানানো হলেও, সেই অনুরোধ রাখা হয়নি।
আল-নাসরের সঙ্গে নাকি সৌদি আরবের বাইরে খেলা নিয়ে চুক্তিতে শর্ত আছে রোনালদোর। যেখানে তিনি মধ্য প্রাচ্যের দেশটির বাইরে কোন কোন ম্যাচে খেলবেন, তা নিজেই নির্ধারণ করতে পারেন। উল্লেখ্য এখনো পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ২-এ দু’টি ম্যাচ খেলেছে আল নাসর।কোনোটিতেই খেলেননি রোনালদো।








