
পঞ্চমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন লুকা মদ্রিচ। আসছে বিশ্বকাপের জন্য এই মিডফিল্ডারের পাশাপাশি অভিজ্ঞ ফরোয়ার্ড ইভান পেরিসিচের ওপরও আস্থা রেখেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
আসন্ন বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন দালিচ। সবকিছু ঠিক থাকলে, ৪০ বছর বয়সি মদ্রিচ টানা পঞ্চম বিশ্বকাপে খেলবেন। ২০০৬ আসর দিয়ে বিশ্ব মঞ্চে অভিষেক হয় তার। ২০১৮ সালে ক্রোয়েশিয়ার ফাইনাল খেলার পথে বড় ভূমিকা রাখেন তিনি। গত আসরে মদ্রিচের নেতৃত্বে তৃতীয় হয় ক্রোয়েশিয়া। এবার তার সামনে আরও একবার দেশকে বিশ্বকাপে দারুণ কিছু দেওয়ার চ্যালেঞ্জ।এদিকে দেশের হয়ে এখন পর্যন্ত ১৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মদ্রিচ। ২০১৮ সালের ব্যালন দ’র জয়ীর সামনে সুযোগ ক্রোয়েশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ২০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করার।
উল্লেখ্য আমেরিকা, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় বিশ্বকাপে,এল গ্রুপে পড়েছে ক্রোয়েশিয়া। আগামী ১৭ জুন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করবে তারা।








