
ভারতীয় সশস্ত্র বাহিনীর সমন্বয় বাড়াতে এবার তিন শাখার প্রধানদের ব্যক্তিগত স্টাফ অফিসার নিয়োগ করা হয়েছে সিস্টার সার্ভিস থেকে।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আগেই সশস্ত্র বাহিনীর তিন শাখার যৌথ পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রকে তরফে জানানো হয়েছে, নতুন পদ্ধতিতে স্থলসেনার প্রধান তাঁর এইড-ডি-ক্যাম্প পেয়েছেন নৌসেনা বা বায়ুসেনা থেকে।একইভাবে নৌসেনার প্রধান তাঁর এইড-ডি-ক্যাম্প পেয়েছেন স্থলসেনা বা বায়ুসেনা থেকে। বায়ুসেনা প্রধানের ব্যক্তিগত স্টাফ অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে স্থলসেনা বা নৌসেনার কোনও অফিসারকে।বর্তমানে ভারতীয় স্থলসেনা নৌসেনা এবং বায়ুসেনার দেশজুড়ে পৃথক পৃথক কমান্ড রয়েছে। থিয়েটারাইজেশন পদ্ধতির চূড়ান্ত লক্ষ্য হল তিন বাহিনীর ভিন্ন ভিন্ন কমান্ডের পরিবর্তে, একই থিয়েটার কমান্ড গঠন করা। আমেরিকা, রাশিয়া, চিনের মতো দেশে ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু রয়েছে।
প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মতে এর ফলে যুদ্ধ পরিস্থিতিতে সমন্বয়ের ক্ষেত্রে সুবিধা হয় সশস্ত্র বাহিনীর তিন শাখার।






