
সঙ্গীতশিল্পী জুবিন গর্গের অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা অসম। রবিবার সিঙ্গাপুর থেকে তাঁর মরদেহ গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছতেই সেখানে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন হাজার হাজার মানুষ। রাজপথ যেন পরিণত হয়েছে এক শোকযাত্রায়।
যেখানে কান্না, কৃতজ্ঞতা আর ভালোবাসায় ভেসে যেতে দেখা গিয়েছে সবাইকে। জুবিন গর্গের মরদেহ গ্রহণ নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী গরিমা। স্বামীর কফিনবন্দী দেহ দেখে ভেঙে পড়েছেন তিনি। কফিনের উপর রেখে দেন অসমীয় সংস্কৃতির প্রতীক গামোছা। গুয়াহাটির রাস্তায় রাস্তায় তখন শুধুই মানুষের ঢল। স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক, সকলেই ফুল হাতে শেষবারের মতো দেখতে এসেছিলেন তাঁদের প্রিয় স্টারকে।
বাড়ির ছাদ, জানালা, রাস্তার মোড়-প্রতিটি জায়গায় ভিড়, কান্না আর গুঞ্জনে ওঠা সেই গানগুলি, যেগুলি একদিন মানুষের প্রাণে প্রাণ জুগিয়েছিল। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তায় লিখেছেন, অসম এক মহীরুহকে হারাল। জুবিনদা একজন রাজার মতো জীবন কাটিয়েছে, আর রাজার মতোই বিদায় জানানো হচ্ছে তাঁকে।
