
অ্যাপলের নতুন আইফোন সেভেনটিন সিরিজের ফোন হাতে পেতে দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরুর অ্যাপল স্টোরে সকাল থেকেই উপচে পড়া ভিড় জমেছে, তৈরি হয়েছে উত্তেজনা ও হুড়োহুড়ি।
তবে মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের অ্যাপল স্টোরে শুক্রবার সকালেই হুড়োহুড়ি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা গিয়েছে, দোকানের বাইরে দাঁড়ানো ক্রেতাদের মধ্যে হঠাৎই শুরু হয় ধাক্কাধাক্কি ও মারামারি। লাল জামা পরা এক ব্যক্তিকে নিরাপত্তারক্ষীরা ভিড় থেকে টেনে বার করে আনেন। তিনি রক্ষীদের সঙ্গেও হাতাহাতি করার চেষ্টা করেন। সাদা জামা পরা আরেকজনকে দেখা যায়, যিনি নিরাপত্তারক্ষীর খোঁজ নেন। ভিড়ের মধ্যেই লাঠি হাতে আরেক সিকিউরিটি গার্ড উপস্থিত ছিলেন, কিন্তু একা সামাল দিতে পারেননি। পরে কালো-সাদা জামা পরা আরেকজনকে গার্ডরা টেনে বের করে আনেন। দিল্লি ও বেঙ্গালুরুতেও একই ছবি ধরা পড়েছে। দিল্লির সাকেত সিলেক্ট সিটিওয়াক মলে আইফোন কিনতে বৃহস্পতিবার রাত থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন শতাধিক ক্রেতা।
মল খোলার আগেই রাস্তায় ভিড় জমে যায়। অনেকেই রাতভর অপেক্ষা করে প্রথম ক্রেতা হওয়ার আশায় সারি দিয়েছিলেন। বেঙ্গালুরুর অ্যাপল স্টোরেও একইরকম ভিড় দেখা গিয়েছে।
