
ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদীদের খোঁজে তল্লাশি অভিযান চলাকালীন বিস্ফোরণে নিহত হয়েছেন এক আধাসেনা জওয়ান।
মাওবাদীদের পাতা ইম্প্রোভাইজড় এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে সিআরপিএফের হেড কনস্টেবল মহেন্দ্র লস্কর গুরুতর জখম হয়েছিলেন। ওড়িশায় রউরকেলার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে। নিহত জওয়ান অসমের বাসিন্দা। তিনি সিআরপিএফের ৬০ নম্বর ব্যাটালিয়নের সদস্য ছিলেন। প্রসঙ্গত, নিষিদ্ধ সংগঠন সিপিআই মাওবাদী-র সশস্ত্র বাহিনী পিএলজিএ-র মুক্তাঞ্চল হিসেবে একদা পরিচিত ছিল সারান্ডা জঙ্গলের ওই অংশ।
গত কয়েক মাস ধরে ধারাবাহিক ভাবে সেখানে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। গত মাসে সংঘর্ষে পশ্চিম সিংভূম জেলাতেই পিএলজিএ-র এরিয়া কমান্ডার অমিত হাঁসদা ওরফে আপ্তানের মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় দাম ছিল ১০ লক্ষ টাকা।
