পশ্চিমবঙ্গে সঙ্কটে বিজেপির অভিযান, বৈঠকে সাংসদরা 

0
138
ছবি সৌজন্যে : এক্স
পশ্চিমবঙ্গে সঙ্কটের মধ্যে পড়েছে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান।আর এই সঙ্কট মোকাবিলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসলের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের সাংসদরা।
দিল্লিতে এই বৈঠকে তিনি রাজ্যের সাংসদদের আরও তৎপর হওয়ার জন্য সুনির্দিষ্ট বার্তা দিয়েছেন। রাজ্যে বিজেপির মোট ১৪ জন সাংসদ রয়েছেন ১২ জন লোকসভার সাংসদ এবং ২ জন রাজ্যসভার সাংসদ। সুনীল বনসলের উদ্দেশ্য হল, সাংসদদের মধ্যে আরও বেশি উৎসাহ এবং দায়িত্ববোধ সঞ্চারিত করা। যাতে তারা আরও সক্রিয়ভাবে সদস্য সংগ্রহের কাজে অংশ নেন। সূত্রের খবর, সাংসদদের নিষ্ক্রিয়তা নিয়ে দলীয় নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা এই পরিস্থিতিকে একেবারেই কাঙ্ক্ষিত নয় বলে মনে করছেন।রাজ্য বিজেপি মনে করছে, সদস্য সংগ্রহের প্রচারে আরও বেশি জনসংযোগ এবং প্রচারমূলক কার্যক্রমের প্রয়োজন। দলীয় সাংসদরা যদি এলাকায় গিয়ে আরও বেশি করে মানুষের সঙ্গে যুক্ত হন, তবে পরিস্থিতি কিছুটা হলেও বদলাতে পারে। তবে দলের মধ্যে কিছু নেতার মত, সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে না, যা বিজেপির রাজ্য শাখার জন্য বড় ধাক্কা হতে পারে। 
বিজেপির কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হল, ১৫ ডিসেম্বরের মধ্যে সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে কিনা। দলের সাংগঠনিক কর্মীরা এখনও আশাবাদী, তবে যদি এই পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হয়, তবে বিজেপির জন্য এটি বড় এক বিপর্যয় হয়ে দাঁড়াতে পারে।