
কিউবার মানবিক পরিস্থিতি অত্যন্ত সেনসিটিভ উল্লেখ করে দেশটিতে বন্ধুত্বপূর্ণ দখলের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার ডোরালে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই সংকট নিরসনে কাজ করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রুবিও বিষয়টি দেখছেন। এটি একটি বন্ধুত্বপূর্ণ দখল হতে পারে, আবার নাও হতে পারে।সত্যি বলতে তাতে কিছু যায় আসে না, কারণ কিউবার কোনো শক্তি নেই, কোনো অর্থ নেই। এদিকে কিউবা সরকার আমেরিকার সঙ্গে কোনো উচ্চ-পর্যায়ের আলোচনার খবর অস্বীকার করেছে।
তবে প্রাক্তন প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর নাতি রাউল গুইলারমো রদ্রিগেজের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে কোনো অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি হাভানা। অন্যদিকে মায়ামিতে বসবাসরত কিউবান নির্বাসিতরা ট্রাম্পের এই বক্তব্যকে গুরুত্বের সঙ্গে দেখছেন। দীর্ঘ কয়েক দশক ধরে তারা কিউবার বর্তমান রাজনৈতিক ব্যবস্থার অবসান এবং সরকারের পতনের অপেক্ষায় রয়েছেন।
