শিথিল কার্ফু, খুলছে দোকান, স্বাভাবিক ছন্দে লেহ

0
71
ছবি সৌজন্যে : এক্স
পূর্ণ রাজ্যের দাবি সহ একাধিক ইস্যুতে অশান্ত হয়ে ওঠার পর ফের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে লাদাখের রাজধানী লেহ।
কার্ফু শিথিল করা হয়েছে। দোকানপাট খুলছে। রাস্তায় শুরু হয়েছে যান চলাচল। তবে রাস্তায় এখনও টহল দিচ্ছে নিরাপত্তাবাহিনী।প্রশাসন আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাজার খোলা থাকবে। বিকেল ৫টা পর্যন্ত অনুমতি রয়েছে। আর তাতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন লেহর বাসিন্দারা।লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা এবং পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত সপ্তাহে লাদাখের রাজধানী লেহ শহরে বিক্ষোভ দেখায় জনতা। অভিযোগ, বিক্ষোভ চলাকালীন লেহ-তে বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। পার্টি অফিসের সামনে থাকা একটি পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে মৃত্যু হয় ৫ জনের।
প্রায় ৮০ জন পুলিশকর্মী-সহ ১৫০ জনেরও বেশি আহত হন।