শুল্ক : দেশের স্বার্থ রক্ষা করতে সকল পদক্ষেপ, বিবৃতি কেন্দ্রের

0
127
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে ভারত সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে। ভারতীয় পণ্যের উপর আমেরিকা ২৫ শতাংশ শুল্ক চাপানোয় এ বার মুখ খুলেছে নয়াদিল্লি। বিবৃতি প্রকাশ করে ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, এই শুল্কের কী প্রভাব পড়তে পারে, তা খতিয়ে দেখছে ভারত সরকার।
বাণিজ্য মন্ত্রক ওই বিবৃতিতে জানিয়েছে, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা সরকারের নজরে এসেছে। সরকার এর প্রভাব খতিয়ে দেখছে। একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং দু’দেশই উপকৃত হবে এমন একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির জন্য গত কয়েক মাস ধরে ভারত এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে।
বিবৃতিতে কেন্দ্র আরও জানিয়েছে, কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পের সঙ্গে জড়িতদের স্বার্থরক্ষা এবং তাঁদের উন্নয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই বিবৃতিতে কেন্দ্র এ-ও স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থরক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে ভারত সরকার। উদাহরণ হিসাবে সম্প্রতি ব্রিটেনের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্যচুক্তির কথাও উল্লেখ করেছে কেন্দ্র।