
সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেফতারির সঙ্গে জড়িত ৫৯ হাজার হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার।লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার জানিয়েছেন, ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের অধীনে ২০২১ সালে সিটিজেন ফিন্যান্সিয়াল ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি নতুন প্রকল্প চালু হয়।
এরপর থেকে যে কোনও ধরনের আর্থিক জালিয়াতির ঘটনায় তৎক্ষণাৎ অভিযোগ দায়ের করাও অনেক সহজ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৯ লাখ ৯৪ হাজার অভিযোগের ভিত্তিতে মোট ৩ হাজার ৪৩১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সাধারণত যে অ্যাকাউন্টগুলি থেকে এই ধরনের সাইবার প্রতারণার কাজ পরিচালনা করা হচ্ছে, তার বেশ কয়েকটি চিহ্নিত করে ব্লক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক।
সাইবার অপরাধ এবং ডিজিটাল গ্রেফতারির মতো জালিয়াতির মতো ঘটনার সঙ্গে জড়িত ১ হাজার ৭০০টিরও বেশি স্কাইপ এবং ৫৯ হাজার হোয়াট্সঅ্যাপ অ্যাকাউন্ট শনাক্ত করে বন্ধ করিয়ে দিয়েছে আইফোরসি। এছাড়াও চলতি বছরে ১৫ নভেম্বর পর্যন্ত ৬ লাখ ৬৯ হাজার সিমকার্ডও বন্ধ করে দেওয়া হয়েছে।
