
পুণের পোর্শেকাণ্ডের পর এবার দিল্লিতে দ্রুতগতিতে আসা একটি মার্সিডিজের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল চালকের। এই ঘটনার পরই গাড়ি নিয়ে পালিয়ে যান চালক।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ। তিনি মদনপুর খাদার এলাকার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব দিল্লির আশ্রম এলাকায়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়িটিকে চিহ্নিত করে চালককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। চালক মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা, তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গাড়িটি আশ্রম উড়ালপুল ধরে নিজামউদ্দিনের দিতে যাচ্ছিল। সেই সময় রাজেশকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে সেটি। সেই ধাক্কা কয়েক ফুট দূরে ছিটকে পড়েন রাজেশ। রাজেশকে ধাক্কা মেরে গাড়িটি পালিয়ে যায়। এক পথচারী রাজেশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলপিশ এসে রাজেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
