
উত্তর আন্দামান সাগরে নিম্নচাপের জেরে তৈরি হওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে ভারত, বাংলাদেশ ও মায়ানমারে। মৌসম ভবনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে ক্রমশই ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে।
২৪ অক্টোবরের মধ্যে অন্ধ্র- ওড়িশা সীমান্ত থেকে বাংলাদেশের স্থলভাগে প্রবেশ করতে পারে সেটি। আবহাওয়া দফতরের পক্ষ থেকে ঝড়ের গতি ও সম্ভাব্য শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়নি। সে ক্ষেত্রে প্রবল ঝড়বৃষ্টিতে দীপাবলির উৎসব মাটি হওয়ার আশঙ্কা থাকছে। মৌসম ভবন সূত্রে খবর, বছর শেষে ধেয়ে আসছে একাধিক ঘূর্ণিঝড়। উত্তর ভারত মহাসাগরে আগামী সপ্তাহেই তৈরি হতে পারে সাইক্লোন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকদের যেতেও নিষেধ করেছে মৌসম ভবন। স্থানীয়দের পরামর্শ দেওয়া হয়েছে অহেতুক সমুদ্র উপকূলে না যান। যে কোনও রকম জরুরি পরিস্থিতির জন্য সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনকে।
দক্ষিণ ভারতে লাগাতার বৃষ্টির কারণে ইতিমধ্যেই অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বেঙ্গালুরু, চেন্নাই এবং অনেক শহরে বন্যায় মানুষ সমস্যায় পড়েছে। আগামী দুই-তিন দিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক
