ঘূর্ণাবর্ত, ঝেঁপে বৃষ্টি কলকাতা ও শহরতলিতে 

0
62
ছবি সৌজন্যে : নিজস্ব
পূর্বাভাস মতোই ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি নেমেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ন এলাকায়। একইসঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
৩০ থেকে ৪০ কিমি বেগে বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে আপাতত হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার থেকে বৃষ্টি বাড়তে পারে। রবিবার এবং সোমবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই সতর্কতা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিতে। তবে দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে দুর্যোগ চলতে পারে মঙ্গলবারেও। এ ছাড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃহস্পতিবার ঝড়বৃষ্টির সতর্কতা ছিল।
সন্ধ্যার পর ওই সমস্ত জেলাতেও বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।