
দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় শুক্রবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, কোচবিহারেও ভারী বৃষ্টি সতর্কতা থাকছে। একই ছবি দেখা যেতে পারে মালদহ, দুই দিনাজপুরে।
সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। রবিবার পর্যন্ত মূলক উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে।








