
ছত্তীসগঢ়ের রায়পুরে একটি বেসরকারি স্টিল কারখানার ছাদ ভেঙে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ৬ শ্রমিক। ধ্বংসস্তুপের নিচে আরও বেশ কয়েকজন শ্রমিকের চাপা পড়ে থাকার আশঙ্কা রয়েছে।
আহতদের ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধারের চেষ্টা চলছে। রায়পুরের পুলিশ সুপার লাল উমেদ সিং জানিয়েছেন রায়পুরের শিলতারা শিল্পতালুকে অবস্থিত গোদাবরী ইস্পাত লিমিটেডের একটি নির্মায়মাণ অংশ আচমকাই ভেঙে পড়ে। চাপা পড়ে যান বেশ কয়েকজন শ্রমিক। বিকট শব্দে আশেপাশের এলাকা কেঁপে ওঠে। প্রথমে কারখানায় শ্রমিকরাই ধ্বংসস্তুপ সরিয়ে চাপা পড়া শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা চালায়। পরে খবর দেওয়া হয় পুলিশকে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল।
ধ্বংসস্তুপ সরিয়ে ছ’জন শ্রমিককে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা ছ’জনকে মৃত বলে ঘোষণা করেন।






