
লোকসভা ভোটপর্বে দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শুক্রবার অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি ১০ সপ্তাহ পিছিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
দীর্ঘদিন ধরেই জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তৃণমূল নেতা। কখনও দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট, কখনও দিল্লি হাইকোর্ট। কিন্তু কোনও আদালতেই স্বস্তি মেলেনি। সম্প্রতি সুপ্রিম কোর্টেও আবেদন করেন তিনি। সেই মামলার শুনানি ছিল শুক্রবার। কিন্তু শীর্ষ আদালত ১০ সপ্তাহের জন্য শুনানি স্থগিত করে দিয়েছে। জুলাই মাসে ফের মামলার শুনানি হওয়ার কথা। ততদিন তিহাড়ই অনুব্রত মণ্ডলের ঠিকানা হতে চলেছে। তৃণমূল নেতার জামিনের আবেদন আগেই নাকচ করে দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। দিল্লি হাইকোর্টে এখনও একটা মামলা চলছে। ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গরুপাচার মামলায় গ্রেফতার করেছিল সিবিআই।




