
রাজ্যে পালাবদলের পর এবার বদল দাদাগিরিতেও। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার দাদাগিরির মুখ হয়ে সামনে এসেছেন সুপারস্টার দেব। প্রকাশ্যে এসেছে দাদাগিরির নতুন টিজার। সৌরভ গাঙ্গুলির জুতোয় পা গলাতে গিয়ে বেশ চাপে পড়েছেন।
বিভিন্ন দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে শেষ পর্যন্ত নতুন দাদা হিসেবে আত্মপ্রকাশ করেছেন দেব। টিজারে এমনকি দেখা গিয়েছে অন্য শোয়ের সঞ্চালক আবির এবং যীশুকেও। সেই ২০০৯ থেকে যেন দাদাগিরি এবং সৌরভ গাঙ্গুলি ছিলেন একে ওপরের পরিপূরক। মাঝে যদিও বা ছন্দপতন হয়েছিল ২০১৩ সালে। সেই সময়ে দাদাগিরির দায়িত্বে এসেছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তারপর ২০১৪ থেকে আবার স্বমহিমায় দাদাগিরির মঞ্চ কাঁপাতে দেখতে গিয়েছিল স্বয়ং মহারাজকেই। সঞ্চালনা ছাড়াও দাদাগিরিতে এবার পরিবর্তন এসেছে থিম সংএও। সেই ২০০৯ থেকে দাদাগিরি খুললেই কানে আসত অরিজিৎ সিংয়ের গলা। এবার তাঁর বদলে শোনা যাবে ঈশান মিত্রর গলায় নতুন থিম সং।
উল্লেখ্য, গতবছরই অন্য একটি চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন সৌরভ গাঙ্গুলি। অভিনয় এবং রাজনীতির পাশাপাশি দেব এবার নাম লেখাতে চলেছেন সঞ্চালনা জগতে। সৌরভ গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তীর জুতোয় পা গলিয়ে এই নতুন চ্যালেঞ্জ তিনি পার করতে পারবেন কিনা তা শুধুমাত্র সময়ের অপেক্ষা।
