
বিধানসভা ভোটের আগে ফের অসম প্রদেশ কংগ্রেসে ডামাডোল।সোমবার সকালেই খবর পাওয়া গিয়েছিল যে, অসমের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা দল থেকে ইস্তফা দিয়েছেন।
বেলায় ভূপেন নিজেই জানান, দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। দুপুরে অসমে দলের দায়িত্বপ্রাপ্ত নেতা জিতেন্দ্র সিংহ দাবি করেন, ভূপেন পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ভূপেনের পাল্টা দাবি, সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য তিনি কংগ্রেস শীর্ষ নেতৃত্বের কাছ থেকে সময় চেয়েছেন।২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত অসমের প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন ভূপেন।উল্লেখ্য গত জুন মাসে তাঁকে সরিয়ে প্রয়াত তরুণ গগৈয়ের পুত্র তথা লোকসভায় কংগ্রেসের উপ দলনেতা গৌরব গগৈকে প্রদেশ সভাপতি করা হয়। কী কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন, সকালে তা সবিস্তার জানাননি ভূপেন। ভূপেন বরা বলেছেন, উপযুক্ত সময়ে সাংবাদিকদের ডেকে তিনি সব তথ্য জানাবেন।
তবে সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা দাবি করেছে, দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গেকে লেখা চিঠিতে ভূপেন অভিযোগ করেছেন যে, দলে তিনি অবহেলিত হচ্ছিলেন।
