
মুম্বই থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় দানা’র বিপদ এড়াতে শহর কলকাতার রাস্তায় থাকা বড়, বড় হোডিং এবং বিলবোর্ড সরানো হয়েছে। হোডিং গুলো সরানোর পাশাপাশি, কিছু কিছু জায়গায় হোডিং গুটিয়েও রাখা হয়েছে।
দানা’র প্রভাবে মুম্বইয়ের মতো দুর্ঘটনা যাতে শহর কলকাতায় না ঘটে তার জন্য সতর্ক রয়েছে প্রশাসন। কলকাতার ইএম বাইপাস, চিংড়িঘাটা সহ শহরের একাধিক প্রান্তে লক্ষ্য করা যায় বিভিন্ন রকমের ব্যানার, হোডিং, বিলবোর্ড। তবে এইবার ঘূর্ণিঝড় থেকে বাঁচতে আগেভাগেই সমস্ত বড় বড় ব্যানার, হোডিং, বিলবোর্ড খুলে কিংবা গুটিয়ে রাখা হয়েছে। ফনী, বুলবুল, আমপান, রেমালের থেকে শিক্ষা নিয়ে ঘূর্ণিঝড় দানা’র জন্য আগেভাগে প্রস্তুত রয়েছে পুলিশ, পুরসভা ও রাজ্য প্রশাসন। ঘূর্ণিঝড় দানা’র মোকাবিলায় কন্ট্রোল রুম খুলে শহরের বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা দিয়ে নজরদারি চালাচ্ছে কলকাতা পুরসভা। এই কন্ট্রোল রুম থেকে দেখা যাবে শহরের কোন জায়গায় কোনও গাছ উপরে পড়েছে কিনা, কিংবা জল জমে রাস্তা বন্ধ হওয়া থেকে শুরু করে যানজট। ওই ধরনের কোন সমস্যা দেখলে কন্ট্রোল রুম থেকে টিম পৌঁছে যাবে নির্দিষ্ট সেই জায়গায়। বুধবার থেকে শনিবার পর্যন্ত চরম সতর্কতা নিয়েছে কলকাতা পুরসংস্থা। নিকাশি, সিভিক, বিদ্যুৎ ও আলো, উদ্যান, স্বাস্থ্য এবং জঞ্জাল অপসারণ বিভাগ’কে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে পুর কর্তৃপক্ষ। পুর সচিব’কে নোডাল অফিসার করে বোরো ও ওয়ার্ড ভিত্তিক দল গঠন করা হয়েছে।
প্রস্তুত রাখা হয়েছে ২৮১ টি নিকাশি মেশিন।থাকছে গাছ কাটার সরঞ্জাম ও মজুদ রাখা হয়েছে হাইড্রোলিক ল্যাডার সহ একাধিক সরঞ্জাম। এদিকে পুলিশের সদর দফতর লালবাজারেও কন্ট্রোল রুম খোলা হয়েছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
