
ঘূর্ণিঝড় দানা’র প্রভাবে বৃহস্পতিবার রাত থেকেই শুরু হওয়া বৃষ্টি চলেছে শুক্রবার সকালেও। অবিরাম টানা বৃষ্টিতে ভাসছে কলকাতার বিভিন্ন এলাকা।
তবে শুক্রবার বিকেল থেকে কলকাতা সহ শহরতলীর আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সারাদিন ধরেই হালকা ঝড় এবং বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে কলকাতা সহ হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ঝড়বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, শুক্রবার সকালে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়াও। দানা’র মোকাবিলায় সবরকমের প্রতিকূল পরিস্থির জন্য তৈরি ছিল কলকাতা পুরসভা। শহরের বিপর্জ্জনক বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নির্দিষ্ট শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। কলকাতার বাইপাস, স্ট্যান্ড রোড, সেন্ট্রাল অ্যাভিনিউ, বিধান সরণি, কিরন শংকর স্ট্রিট, থিয়েটার রোড, পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, ভবানীপুর সহ সংলগ্ন বহু এলাকায় জায়গায় হাঁটুজল জমে। তবে, কলকাতার কোনও অংশে গাছ ভেঙে পড়েনি। যারফলে যান চলাচল হচ্ছে অত্যন্ত ধীর গতিতে।
শুক্রবার কর্মব্যস্ততার দিন হওয়া সত্ত্বেও, কলকাতায় অন্যান্য দিনের তুলনায় যান চলাচল আজ অত্যন্ত কম রয়েছে এমনটাই জানাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। পরিস্থতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
