
ইউএস ওপেনের সেমিফাইনালে উঠে গেলেন নোভাক জোকোভিচ। হারালেন আমেরিকার টেলর ফ্রিৎজ়কে। জোকোভিচ জিতেছেন ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪ গেমে। সার্বিয়ার তারকা প্রতিযোগিতায় প্রথম বার কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছেন।
সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ কার্লোস আলকারাজ়, যিনি মন শান্ত রাখতে নিজেকে ডুবিয়ে রেখেছেন গলফে।মেয়ের জন্মদিনের উপহার হিসাবে ম্যাচ জিতে কোর্টেই নাচলেন জোকোভিচ।এ দিকে, প্রতিপক্ষ ওয়াকওভার দেওয়ায় না-খেলেই সেমিফাইনালে চলে গিয়েছেন মেয়েদের গত বারের চ্যাম্পিয়ন এরিনা সাবালেঙ্কা।ফ্রিৎজ়ের বিরুদ্ধে আগের ১০টি ম্যাচেই জিতেছিলেন জোকোভিচ।অপরাজিত থাকার রেকর্ড আরও একটি বাড়িয়ে নিলেন।পাশাপাশি রেকর্ড গড়ে গ্র্যান্ড স্ল্যামের ৫৩ নম্বর সেমিফাইনালে উঠলেন। ইউএস ওপেনের সেমিফাইনালে উঠেছে ১৪তম বার।এই নজির জিমি কোনর্স ছাড়া আর কারও নেই। এ বছর প্রতিটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন জোকোভিচ। কেরিয়ারে সাত বার এই কাজ করে দেখালেন।গত বছর ইউএস ওপেনে রানার্স হয়েছিলেন ফ্রিৎজ়। এ বার তিনি কোয়ার্টারেই বিদায় নিলেন।
একটি সেট পেলেও গোটা ম্যাচে পাল্লাই দিতে পারেননি জোকোভিচের সঙ্গে। ফলে আমেরিকার কোনও পুরুষ খেলোয়াড় এ বার ইউএস ওপেন জিততে পারবেন না। শেষ বার এই কাজ করে দেখিয়েছিলেন অ্যান্ডি রডিক, ২০০৩-এ।
