
পুরানো আইফোন ইউজারদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে শক্তিশালী এক হ্যাকিং টুল। এ পরিস্থিতি ঠেকাতে তড়িঘড়ি করে জরুরি নিরাপত্তা আপডেট প্রকাশ করেছে অ্যাপল।
নতুন এ হ্যাকিং টুলের মাধ্যমে কেবল ক্ষতিকর লিংকে এক ক্লিকের মাধ্যমেই এখন আইফোনের পুরো নিয়ন্ত্রণ নিতে পারছে হ্যাকাররা। ডার্কসোর্ড নামের নতুন হ্যাকিং টুলটি সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে।হ্যাকিং পদ্ধতিটি এরইমধ্যে ব্যবহার করেছে হ্যাকাররা, যেখানে কোনো ওয়েবসাইটে একটি ক্ষতিকর লিংকে ক্লিকের মাধ্যমেই আইফোনের নিয়ন্ত্রণ নেওয়া যাচ্ছে।একবার সফল হতে পারলে পুরো ডিভাইসটির নিয়ন্ত্রণ নেওয়া এবং মেসেজ ও লোকেশন ডেটাসহ ইউজারের সব ব্যক্তিগত তথ্য চুরি করা সম্ভব।প্রাথমিকভাবে চীন ও ইউক্রেইনের মতো দেশগুলোর ইউজারদের লক্ষ্য করে ব্যবহৃত হয়েছিল হ্যাকিং টুলটি।তবে টুলটি অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় এখন যে কেউ তা ব্যবহারের সুযোগ পাচ্ছে।এ হ্যাকিং পদ্ধতিটি আইফোন ও আইপ্যাডের নতুন ভার্শনের ওএসচালিত ডিভাইসগুলোতে কাজ করেনি। কারণ অ্যাপল গত বছরই এ সমস্যার সমাধান করেছিল।তবে এখনও কোটি কোটি ডিভাইস সেসব আপডেট নিতে পারেনি, ফলে সেগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।
গত সেপ্টেম্বরে চালু হওয়া আইওএস ২৬ আপডেটের মাধ্যমে এসব পরিবর্তন এনেছিল অ্যাপল। তবে অনেক ব্যবহারকারীই এ আপডেটটি এড়িয়ে গেছেন।এ আপডেটটি নিয়ে বেশ বিতর্কও তৈরি হয়েছিল। কারণ এতে লিকুইড গ্লাস নামের এক ধরনের ভিজুয়াল পরিবর্তন রয়েছে,যা অনেক ব্যবহারকারী ও সমালোচক পছন্দ করেননি।
