
আমেদাবাদে দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্স থেকে সম্পূর্ণ তথ্য উদ্ধার করা গিয়েছে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। বৃহস্পতিবার কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক জানিয়েছে, ২৪ জুন, মঙ্গলবার বায়ুসেনার বিমানে উদ্ধার হওয়া দুটি ব্ল্যাক বক্স আমেদাবাদ থেকে দিল্লিতে আনা হয়েছে।
এএআইবির দফতরে মঙ্গলবার রাতেই ব্ল্যাক বক্স থেকে তথ্য উদ্ধারের কাজ শুরু করেন প্রযুক্তিবিদরা। বিবৃতিতে জানানো হয়েছে, বিমানের সামনের ব্ল্যাক বক্সের ক্র্যাশ প্রোটেকশন মডিউল উদ্ধার করা হয়েছে। বুধবার মেমরি মডিউল উদ্ধার করা হয়েছে ব্ল্যাক বক্স থেকে। সেই তথ্য এএআইবি গবেষণাগারে ডাউনলোড করা হয়েছে।
সিভিআর এবং এফডিআরের তথ্য এখন পরীক্ষানিরীক্ষা চলছে। মনে করা হচ্ছে, সেই পরীক্ষা শেষ হলে জানা যাবে দুর্ঘটনার কারণ। দুর্ঘটনার একদিন পরে এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার এআই-১৭১-র বিমানটির একটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়। দ্বিতীয় ব্ল্যাক বক্সটি উদ্ধার হয় দুর্ঘটনার তিন দিন পর। এরপর দুটি ব্ল্যাকবক্সই পাঠিয়ে দেওয়া হয় ডিজিসি-র কাছে।
