
সিকিমে তিস্তায় গাড়ি পড়ে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। সেনা হাসপাতালে বাকি দু জনের চিকিৎসা চলছে। মঙ্গনের পুলিশ সুপার সোনম ডিচ জানিয়েছেন, ১১ জন পর্যটক ছিলেন গাড়িতে। তাঁদের মধ্যে এখনও ৮ জনের খোঁজ মেলেনি।
বৃহস্পতিবার উত্তর সিকিমের চুংথাং থেক মুন্সিথাং যাওয়ার রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে পর্যটকদের একটি গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় এক হাজার ফুট নীচে তিস্তা নদীতে পড়ে যায়। পুলিস সূত্রে খবর, গাড়িতে ১১ জন ছিলেন।
তাঁরা মূলত পশ্চিমবঙ্গ, ওড়িশার বাসিন্দা। সন্ধ্যায় পাহাড়ে বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় গাড়িটি। প্রাকৃতিক দুর্যোগের জেরে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলের কর্মীদের।








