
ভারী বৃষ্টির জেরে জম্মু-কাশ্মীরে বৈষ্ণোদেবীর যাত্রাপথে ধস নামায় পাঁচ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন অনেক পুণ্যার্থী।
অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে মঙ্গলবার ধস নামে। আচমকা পাহাড়ের ঢাল বেয়ে বড় বড় পাথর, বোল্ডার নেমে আসায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। ধসের নীচে চাপা পড়ে যান বেশ কয়েক জন পুণ্যার্থী। ১৪ জন পুণ্যার্থী আহত হয়েছেন বলে খবর।বৈষ্ণোদেবী মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, ধসের কারণে বেশ কয়েক জন পুণ্যার্থী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে কাটরার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ধসের পর পরই মন্দির কমিটির সদস্যরা, নিরাপত্তাবাহিনী উদ্ধারকাজ শুরু করে। যাত্রাপথে থাকা অন্য পুণ্যার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে বৈষ্ণোদেবী যাত্রা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে ওই রাজ্যের ডোডা-তে মেঘভাঙা বৃষ্টি ও হড়পাবানে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।
বহু মানুষ নিখোঁজ। ভেসে গিয়েছে বহু বাড়িঘর। সম্প্রতি জম্মু-কাশ্মীরের কাঠুয়া, ডোডা, জম্মু, সাম্মা, রামবান এবং কিস্তেওয়ারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল।
